নেত্রকোনায় পৃথক স্থানে সাপের ছোবলে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খালিয়াজুরী উপজেলার চন্দন দাস (২৮) ও কলমাকান্দা উপজেলার রুবেল মিয়া (২০)। চন্দন দাস নেত্রকোনা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে বসবাস করে ওই এলাকার একটি সেলুনে কাজ করতেন। রুবেল কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত হাসিম খানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার ভোরে কলমাকান্দা উপজেলায় সাপের ছোবলে দিনমজুর রুবেল মিয়া মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তার ডান হাতে ছোবল দেয়।
অপরদিকে সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে গত বুধবার রাত ১২টার দিকে চন্দন দাস প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে সাপ তাকে ছোবল দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শেষে ফিরে আসার পর বৃহস্পতিবার সকালে অবস্থার অবনতি ঘটে। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
