উখিয়ায় শেড-এর গুদাম থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৬ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ‘শেড’ নামের বেসরকারি সংস্থার (এনজিও) অফিস কাম গোডাউন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও জমিতে কাজ করার যন্ত্রপাতি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উখিয়ার মালভিটা পাড়ায় অবস্থিত শেড অফিসে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। এ সময় বিভিন্ন প্রকার সাত হাজার চারশ পিস দেশীয় অস্ত্র ও জমিতে কাজ করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, নিড়ানি, লোহা কাটার যন্ত্র, হাতুড়ি, কোদাল, বেলচা, বল্লম, লাঠি, করাত, ছুরি, অস্ত্রের বাঁট (হাতল) ইত্যাদি।

শেড এনজিওর পক্ষ থেকে জানানো হয়, আইওএম-এর অর্থায়নে উখিয়ার রাজাপালং ইউনিয়ন ও জালিয়াপালং ইউনিয়নের হতদরিদ্র লোকজনের মাঝে বিতরণ করা জন্য এসব জিনিস তৈরি করা হয়। এসব দেশীয় অস্ত্র বানানোর অর্থের জোগান দেয় ‘মুক্তি কক্সবাজার’ নামে একটি এনজিও।

সম্প্রতি এ নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হলে এনজিও ব্যুরোর পক্ষ থেকে মুক্তি কক্সবাজারের ছয়টি প্রকল্প সাময়িক বন্ধ করে দেয়।

উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম বলেন, শেড অফিসে অভিযান চালিয়ে এসব জিনিস উদ্ধার করা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান রবিন চৌধুরী বলেন, এনজিও শেডের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত