সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে এবং আপিল বিভাগের আদেশকে অবজ্ঞা করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।
এ অভিযোগে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. তোফাজ্জল হোসেনের বিচারিক ক্ষমতা প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানিয়ে তিনি বলেছেন, ফরমায়েশি আদেশের কারণে বিচার বিভাগকে একদিন কঠোর পরিণতি ভোগ করতে হবে।
মানহানির মামলায় গত ৩ সেপ্টেম্বর মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, ‘জামিনযোগ্য মামলায় তার জামিন বাতিল করা অত্যন্ত লজ্জা ও দুঃখজনক। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন। এ মামলায় আপিল বিভাগের আদেশে জামিন বিবেচনার কথা বলা ছিল। কিন্তু জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা মনে করি, ফরমায়েশি আদেশের কারণে এটি হয়েছে।’
প্রধান বিচারপতির প্রতি উদ্দেশ্যে তিনি বলেন, ‘রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের একটি হচ্ছে বিচার বিভাগ। কিন্তু ফরমায়েশি আদেশের জন্য বিচার বিভাগকে একদিন কঠোর পরিণতি ভোগ করতে হবে। আশা করি আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফরমায়েশি আদেশ থেকে দেশের সবাই মুক্তি পাবে।’
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ব্যারিস্টার মইনুল হোসেনকে সম্পূর্ণ বেআইনিভাবে কারাগারে পাঠানো হয়েছে। সকল আইনজীবীর জন্য এটি লজ্জাজনক। আমরা অবিলম্বে তার কারামুক্তি দাবির পাশাপাশি জামিন বাতিলকারী বিচারক তোফাজ্জল হোসেনের বিচারিক ক্ষমতা প্রত্যাহার এবং তার বিরুদ্ধে শাস্তির দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।
