ফেলে যাওয়া ব্যাগে হাতটি বের হয়েছিল নবজাতকের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৩ পিএম

মোংলায় পলিথিন ও সিমেন্টের ব্যাগে করে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পৌর শহরের ১নং জেটির ঠাকুরানী খাল সংলগ্ন মেরিন ড্রাইভ রোড এলাকায় ওই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

মোংলা থানার দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই সুধাংশু হালদার বলেন, খবর পেয়ে ঠাকুরানী খাল সংলগ্ন মেরিন ড্রাইভ রোড এলাকা থেকে পলিথিন ও সিমেন্টের ব্যাগে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

এ সময় ব্যাগের ছেঁড়া জায়গা দিয়ে শিশুটির একটি হাত বাইরে বের করা অবস্থায় ছিল। মরদেহ ঘিরে ছিল মাছি।

স্থানীয়রা বলেন, মেরিন ড্রাইভ রোড দিয়ে বিশেষ করে ইপিজেডের নারী শ্রমিকেরাই সকাল-সন্ধ্যা বেশি যাতায়াত করেন। এছাড়া এত ভোরে ওই শ্রমিকেরা ছাড়া কেউই মেরিন ড্রাইভে যান না সাধারণত। তাই ধারণা করা হচ্ছে- ভোরে যাওয়ার সময় তাদের মধ্য থেকেই কেউ ব্যাগে বাচ্চাটি ফেলে রেখে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত