ঢাকায় এবার ফুটপাতে উঠে যুবককে পিষে মারল বাস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৮ পিএম

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় রাশেদ হাওলাদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন।

শুক্রবার ভোরে রাশেদের অচেতন দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদের মামা মো. মোস্তফা দেশ রূপান্তরকে বলেন, রাশেদ আমার ভাগনে। আমি ট্রাকচালক, ভাগনে ছিল হেলপার। বৃহস্পতিবার রাতে আশুলিয়া থেকে ট্রাকে মালবোঝাই করে রাজধানীতে ঢুকেছিলাম। পরে রাত ৯টার দিকে উত্তরা কামারপাড়া এলাকার একটি বিশ্ববিদ্যালয়ের সামনে এসে ট্রাক থামাই। এ সময় ভাগনে প্রস্রাব করে গাড়ির চাকা চেক করছিল। আমিও নেমেছিলাম। এ সময় দ্রুতগতির আসমানি পরিবহনের একটি বাস ফুটপাথের ওপর দিয়ে উঠে রাশেদকে চাপা দিয়ে যায়। আমি কোনোভাবে সরে গিয়ে প্রাণ বাঁচালেও ভাগনেকে পিষে চলে যায় বাসটি।

তিনি জানান, স্থানীয় লোকজনের সহায়তায় রাশেদকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি ঘটলে মধ্যরাতে ঢামেকে নেয়ার পর ভোরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদের বাবার নাম সিরাজ হাওলাদার। বাড়ি ভোলা সদর থানার চরগাজী গ্রামে। থাকতেন রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত