ঝালকাঠিতে জামায়াতের ১৬ নেতাকর্মী আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৮ পিএম

ঝালকাঠিতে জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে শহরের শিতলাখোলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গোপন বৈঠকরত অবস্থায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযানে বাড়ির মালিক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকেও আটক করা হয়।

আটকরা হলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক (৫২), পৌর জামায়াতের আমীর মো. আবদুল হাই সিকদার (৫৮), ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল কুদ্দুস (৪৮), জেলা ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সাহাবুদ্দিন (৫০), মাদ্রাসাশিক্ষক মো. মনিরুজ্জামান (৪৫), এনজিওকর্মী হাবিবুর রহমান (৬৩), হারুন তালুকদার (৬০), এনজিওকর্মী মাহামুদুল হাসান (৪৩), বীমাকর্মী গোলাম মোস্তফা (৬২), রাজাপুর উপজেলার কেওতা ফাজিল মাদ্রাসার লাইব্রেরিয়ান মো. সেলিম উদ্দিন (৫২), দর্জি আবুল কালম (৬০), ড্রাইভার হাফিজুর রহমান (৪৮), দর্জি নজরুল ইসলাম (৫৪), রাজমিস্ত্রি মোজাম্মেল হক (৪৫), টাইপিস্ট জাহাঙ্গীর আলম (৫৭), শিক্ষানবিশ আইনজীবী ফরিদ উদ্দিন (৪০) ও বাড়ির মালিক জনতা ব্যাংকের সাবেক এজিএম মহিউদ্দিন খোকন (৬০)।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান (সদর সার্কেল) দেশ রূপান্তরকে বলেন, ‘সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, শিতলাখোলা এলাকায় অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম মো. মহিউদ্দিন খোকনের বাড়ির ভাড়াটে রাজাপুরের মাদ্রাসাশিক্ষক মনিরুজ্জামানের বাসায় জামায়াত নেতাদের গোপন বৈঠক চলছে। পরে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১৬ জনকে আটক করা হয়। এরপর বাড়ির মালিক মহিউদ্দিনকেও আটক করা হয়। তিনি জামায়াতের সমর্থক।’ আটক ব্যক্তিদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন বইপুস্তক, প্রচারপত্র ও হাজিরা খাতা উদ্ধার করা হয় জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আটক জামায়াত নেতাকর্মীরা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। প্রায় দুই বছর ধরে মাদ্রাসাশিক্ষক মনিরুজ্জামান শহরের ওই বাড়িটি ভাড়া নিয়ে সেখানে গোপনে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে। আটক ১৬ জামায়াত নেতাকর্মীসহ বাড়ির মালিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত