মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার থেকে ৫ দিনব্যাপী সুনীল মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজন করা হয়েছে তার পৈতৃক বাড়ি উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামে। স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। গতকাল শুক্রবার মেলার প্রস্ততি শেষ হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৫তম জন্মবার্ষিকী পালনে ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী মেলায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রকাশনীর অংশগ্রহণ ছাড়াও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পাহাড়ি নৃত্য, লালনগীতি, পল্লীগীতি, একক ও দলীয় নৃত্য, আবৃত্তি পরিবেশন, মনোহরি মেলাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
