গাজীপুরে একটি পার্লারের কর্মচারীকে ‘পিটিয়ে হত্যার পর’ হাসপাতালে লাশ ফেলে পালানোর চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের জোড়পুকুরপাড় এলাকার অ্যাডাম জেন্টস পার্লারে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনকে আসামি করে নিহতের ভাই হোসেন মণ্ডল বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
নিহত আসেদুল রনি (৩৫) নওগাঁ সদরের মো. জয়নুদ্দীনের ছেলে। তিনি গাজীপুর শহরের দক্ষিণ বরুদা এলাকায় ভাড়া থেকে অ্যাডাম জেন্টস পার্লারে কাজ করতেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো অ্যাডাম জেন্টস পার্লারের মালিকের স্ত্রী লাইজু আক্তার (২৫), ম্যানেজার আল-আমিন (১৯), তিন কর্মচারী রিমন (২০), রিমন-২ (১৮) ও আজিজুর (২৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে কয়েকজন রনিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রনি মারা গেছে শুনে লাশ ফেলে সঙ্গে আসা লোকজন গা ঢাকা দিতে শুরু করে। এ সময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা লাইজু ও আল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে।
