একুশে পদক পুরস্কার প্রাপ্ত গবেষক, সাহিত্যিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী খাগড়াছড়ি জেলার মহালছড়ির কৃতি সন্তান মংছেনচীং মংছিন রাখাইন মারা গেছেন।
শনিবার রাঙামাটির তবলছড়ির নিজ মেয়ের ভাড়া বাসায় সকাল ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ফুসফুসের রোগ সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
তিনি কক্সবাজার জেলায় রাখাইন পাড়ায় ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মংছেনচীং মংছিন রাখাইন ২০১৬ সালে সাহিত্যে নিয়ে গবেষণা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। পার্বত্যাঞ্চলের একমাত্র একুশে পদক প্রাপ্ত ব্যক্তি ছিলেন তিনি। এছাড়া ও তিনি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অসংখ্য পুরস্কার পান।
মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী শোভারাণী ত্রিপুরাও একাধারে শিক্ষিকা ও সাহিত্যিক। সাহিত্যে অবদানের জন্য ২০১৭ সালে বেগম রোকেয়া পুরস্কার প্রাপ্ত হন।
রোববার মহালছড়িতে সামাজিক রীতিনীতি অনুযায়ী তার দাহ কার্য সম্পন্ন করার করা হবে।
মংছেনচীং মংছিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য জুয়েল চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
