টেক জায়ান্টদের ধরবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সাতটি রাজ্য মিলে গঠিত একটি জোট। গত শুক্রবার জোট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার পক্ষে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এ ঘোষণা দেন বলে জানিয়েছে এএফপি। ধারণা করা হচ্ছে, প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রথম ধাপ হিসেবে ফেইসবুককে দিয়ে শুরু করা হয়েছে।

এবারই প্রথম কোনো বড় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের মামলা করা হয়েছে। অনলাইনে মানুষের তথ্য ব্যবহার করে বিশেষত অর্থনৈতিক খাতে আধিপত্য বিস্তারে প্রতিষ্ঠানগুলো ভূমিকা পালন করছে এমন অভিযোগ অনেক দিন ধরেই করা হচ্ছে।

অ্যাটর্নি জেনারেল জেমস বলেন, ‘তদন্তের জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করব। ভোক্তাদের তথ্য ব্যবহার করে তারা ব্যবহারকারীদের যেভাবে বিপদে ফেলছে তা তদন্ত করে দেখা হবে। প্রতিষ্ঠানগুলো ভোক্তাদের পছন্দকে মূল্য দেওয়ার বদলে বিজ্ঞাপনের মূল্য বৃদ্ধি করছে।’

নতুন এই জোটে আছে কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, নেব্রাস্কা, নর্থ ক্যারোলিনা, ওহাইয়ো এবং টেনিসি। তবে রাজ্যগুলোর এই পদক্ষেপের সঙ্গে ফেডারেল কর্র্তৃপক্ষের কোনো সমন্বয় রয়েছে কি না তা জানা যায়নি। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছিল যে, তারা অনলাইনের উল্লেখযোগ্য কয়েকটি প্ল্যাটফর্মের কর্মকাণ্ড যাচাই করে দেখবে, যাতে বাজারের প্রতিযোগিতা কমানো যায়।

এ বিষয়ে এখনো ফেইসবুক কর্র্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। কিন্তু অতীতে ফেইসবুক জানিয়েছিল, তারা বাণিজ্য বিস্তারের ক্ষেত্রে একচেটিয়া আধিপত্যের পক্ষে নয়। ব্যবহারকারীরা অনলাইনে কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, তা বাছাইয়ের স্বাধীনতা রয়েছে বলেও ফেইসবুক দাবি করে।

যত দিন যাচ্ছে ততই প্রযুক্তি কোম্পানিগুলো অনলাইনকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক মাইকেল ক্যারিয়ার। এছাড়া সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের হাইটেক ল ইনস্টিটিউটের প্রধান এরিক গোল্ডম্যান বলেন, ‘গুগল অথবা ফেইসবুকের মতো প্রতিষ্ঠানগুলোর কিছু সমস্যাযুক্ত ব্যাপার আছে যাকে টার্গেট করতে পারেন অ্যাটর্নি জেনারেলরা। কিন্তু আমি এখনো পর্যাপ্ত প্রমাণের অপেক্ষায় রয়েছি, যাতে অনলাইনে আধিপত্য বিস্তারকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কাঠামোবদ্ধ পদক্ষেপ নেওয়া যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত