আখাউড়ায় মুক্তিযোদ্ধার বাড়ি দখলের হুমকি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯ এএম

আখাউড়ায় প্রয়াত এক মুক্তিযোদ্ধার বাড়ি দখলের চেষ্টা করছে একটি মহল। প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে ওই মহলটি। তাই ভয়ে বাড়ি থেকেও বের হচ্ছেন না কেউ। অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাইনুল ইসলামের পরিবারের সদস্যরা। মুক্তিযোদ্ধা মাইনুলের ছোট ভাই ফখরুল ইসলাম আখাউড়া পৌরশহরের মসজিদপাড়ার বাড়িটি স্থানীয় প্রভাবশালীদের নিয়ে দখলের পাঁয়তারা করছেন বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে মাজহারুল ইসলাম রাজীব বলেন, আমার বাবা মারা যাওয়ার পর আমার চাচা ফখরুল ইসলাম ভুয়া কাগজ তৈরি করে বাড়ি দখলের চেষ্টা করছেন। চাচা এসে ভয়ভীতি দেখান। এ বিষয়ে থানায় জিডি করেছি।

অভিযুক্ত ফখরুল ইসলাম বলেন, বাড়িটি আমাদের পৈতৃক ভিটেমাটি, যা দুই ভাইয়ের মধ্যে কোনো বণ্টন হয়নি। আমার বড় ভাই মাইনুল ইসলাম বাড়ি নির্মাণ করার সময় আমার কাছ থেকে ৫৬ লাখ টাকা নিয়েছেন। সেই অনুযায়ী ওই ভবনে আমারও অংশ আছে।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত