বরিশালে আত্মসমর্পণকারী মাদকসেবী ও বিক্রেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকল মাদকসেবী ও বিক্রেতাদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবারো আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।
রোববার বেলা ১১টায় নগরীর পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতায় ওই আহ্বান জানান ডিআইজি।
আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদকসেবী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে এই সভার আয়োজন করে বরিশাল জেলা পুলিশ।
মতবিনিময় সভায় ডিআইজি বলেন, মাদকের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ সব নষ্ট হয়। তাই পরিবার ও সমাজ বিধ্বংসী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের পুনর্বাসন করা হবে। এসময় ৬জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করে। এর আগে ২২৩ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেছিল।
বরিশাল জেলার ২২৯ জন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য তাদের সমন্বয়ে স্বপ্ন তরী নামে একটি সমিতি গঠন করা হয়। এই সমিতির মাধ্যমে আত্মসমর্পণকারীদের ভবিষ্যৎ জীবন উন্নয়নের চেষ্টা চলছে।
বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ, মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, নারীনেত্রী রাহিমা সুলতার কাজল। এছাড়া বিভিন্ন থানার ওসি এবং আত্মসমর্পণকারীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
