সাতক্ষীরায় দুদকের মামলায় সাবেক সিভিল সার্জন জেলহাজতে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৭ পিএম

সাতক্ষীরা অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ওই নির্দেশ দেন।

আসামি তৌহিদুর রহমান হাইকোর্টের আদেশে ছয় সপ্তাহের জন্য জামিনে ছিলেন।

গতকাল ৮ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হয়। উক্ত জামিন শেষ হওয়ার পর সোমবার স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।

সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি কেনার নামে জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠে তৌহিদুর রহমানের বিরুদ্ধে।

চাঞ্চল্যকর এই দুর্নীতির মামলার অপর আসামি হিসাব রক্ষক আনোয়ার হোসেন গত ২৭ আগস্ট আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকেও হাজতে পাঠান।

এছাড়া এ মামলার অপর পলাতক আসামি স্টোর কিপার ফজলুল হককে সম্প্রতি হাইকোর্ট এক আদেশে দেশ ত্যাগ না করার জন্য নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, এ মামলার প্রধান আসামি সাতক্ষীরা সদর হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান গত ২৯ জুলাই হাইকোর্টে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন এবং ওই সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।

উক্ত নির্দেশনা অনুযায়ী তৌহিদুর রহমান গত ২৫ আগস্ট সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিননামা সম্পাদনের আবেদন করলে আদালত তার জামিন বহাল রেখে জামিননামা সম্পাদনের নির্দেশ দেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তিনি আত্মসমর্পন করেন। তার পক্ষে আদালতে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু। তাকে সহায়তা করেন শাহ আলম ও তোজাম্মেল হোসেন তোজাম।

অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন দুদকের পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, বদিউজ্জামান, শাহিদুজ্জামান, শামিম আহমেদ সালাউদ্দিন লোদি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত