পাইলটদের ধর্মঘটে অচল ব্রিটিশ এয়ারওয়েজ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮ এএম

ব্রিটিশ এয়ারওয়েজের পাইলটরা গতকাল সোমবার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে নেমেছেন বলে জানিয়েছে এএফপি। বেতন নিয়ে কর্র্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে পাইলটরা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।

ধর্মঘটের কারণে প্রায় সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। ফলে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েছেন। প্রথমবারের মতো কঠিন পদক্ষেপের ঘোষণা দিয়ে গত মাসে কর্র্তৃপক্ষকে দেওয়া এক নোটিসে সেপ্টেম্বরে তিন দিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছিল ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বিএলপিএ)।

বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ কর্র্তৃপক্ষ বলেছে, বিএলপিএর ধর্মঘটের কারণে গ্রাহকদের হতাশা ও বিড়ম্বনা আমরা বুঝতে পারি। বেতন নিয়ে বিবাদ সমাধানে কয়েক মাসের চেষ্টা করার পরেও তার এমন পরিণতিতে আমরা অত্যন্ত দুঃখিত।

সোমবার ও মঙ্গলবারের ধর্মঘটের পর দ্বন্দ্বের সমঝোতা না হলে ২৭ সেপ্টেম্বর আরেক দফা ধর্মঘটের ঘোষণা রয়েছে পাইলটদের। তবে উভয়পক্ষই আলোচনায় আগ্রহী বলে জানিয়েছে। বিএলপিএর দাবি, মুনাফা থেকে পাইলটদের আরও বেশি ভাগ দেওয়া উচিত ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ)। অন্যদিকে কর্র্তৃপক্ষ বলছে, বর্তমান বেতন ন্যায্য হওয়ায় ধর্মঘট বেআইনি।

ধর্মঘটের কারণে হাজার হাজার গ্রাহককে বিকল্প ভ্রমণের ব্যবস্থা করতে হয়। ধর্মঘটের আগে যাত্রীদের সঙ্গে যোগাযোগের ধরন নিয়ে সমালোচনার মুখেও পড়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত