চাঁপাইনবাবগঞ্জে বন্যপাখি ধরা ও পরিবহনের দায়ে মঙ্গলবার দুইজনকে এক বছর করে কারাদণ্ড ও আরো দুইজনকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দণ্ডিতদের কাছ থেকে উদ্ধার টিয়া পাখিগুলো অবমুক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সোমবার রাতে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় একটি চেকপোস্ট বসায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন যানবাহন তল্লাশিকালে একটি মিনি ট্রাকে ৪৫৭ টি টিয়া পাখি পেয়ে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাপাসিয়া গ্রামের আজিজুল হক (৩৫) ও বগুড়ার দুপচাচিয়া উপজেলার পোওতা গ্রামের মোহাম্মদ রাজু (২৬), তানভীর হোসেন ও বাসেদ মৃধা।
পরে টিয়া পাখিসহ তাদের সদর উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। মোট ৪৫৭টি পাখির মধ্যে ৭৯ টি পাখি মারা যায়। বাকি পাখিগুলোকে অবমুক্ত করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত আজিজুল ও রাজুকে ১ বছর করে কারাদণ্ড ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর তানভিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ও বগুড়ার দুপচাচিয়ার বাসেদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করে।
