ফরিদপুরের বোয়ালমারীতে ১৪ মামলার আসামির গলাকাটা এবং মাদারীপুরে ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত এ দুই তরুণ কুখ্যাত ডাকাত ছিল। বোয়ালমারীতে নিহত রিপন কাজী (৩৫) উপজেলার শেখর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় পুলিশ উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের লায়েক মিয়ার মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করে।
বোয়ালমারী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের আধিপত্য বা ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলে তাকে হত্যা করা হতে পারে। কুখ্যাত ডাকাত সর্দার রিপন কাজীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ১৪টি মামলা ছিল।
অন্যদিকে, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৫ মামলার আসামি সাগর ফকিরের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে মাদারীপুর সদর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদরের মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাগর শহরের দরগাখোলা এলাকার কালাম ফকিরের ছেলে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, সাগরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৫টির বেশি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের মালামাল ভাগাভাগি করতে গিয়ে ডাকাতদের দুইপক্ষের মধ্যে এই ঘটনা ঘটতে পারে। বেশ কিছুদিন ধরে সাগরকে ধরার জন্য চেষ্টা করছিলাম। ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়।
