সিদ্ধিরগঞ্জের জালকুড়ি নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তাকারী চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪টি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো নারায়ণগঞ্জের ফজলুল করিম (৩৩), সাইফুল ইসলাম (২৪), আজিম হোসেন (২৬), নেত্রকোনার মামুন মিয়া (৩৫), ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা মাঈনুদ্দিন আহমেদ (৩৮) ও জাহাঙ্গীর (৩৬)। তাদের কাছ থেকে পাসপোর্ট তৈরির ২৫ হাজার ভুয়া সনদ, সরকারি দপ্তর, জনপ্রতিনিধির সিল, ল্যাপটপ ও অবৈধ লেনদেনের ২ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুক জানান, রোহিঙ্গাদের পাসপোর্ট কীভাবে তৈরি করা হচ্ছে তা তদন্তের সূত্র ধরে প্রথমে তিনজনকে আটক করা হয়। যারা জন্মসনদ জাতীয় সার্ভার থেকে বের করতে সহযোগিতা করে আসছিল। পরে তাদের দেওয়া তথ্যমতে, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। এরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের উচ্চ পদস্থ কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তার সঙ্গে যোগসাজশে জন্মনিবন্ধন সনদ সরবরাহ করত। তারা রোহিঙ্গাদের জাল জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট তৈরিতে সহায়তা করত। ভুয়া তথ্যের ভিত্তিতে তারা মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশের জন্মসনদ নিয়ে আসছিল।
আটক ফজলুল করিম গণমাধ্যমকর্মীদের জানান, একটি জন্মসনদের জন্য ৩ থেকে ৪ হাজার টাকা নিত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা মাঈনুদ্দিন আহমেদ তাকে সহযোগিতা করত। মাঈনুদ্দিনই জন্মসনদের জাতীয় সার্ভারের নাম ও পাসওয়ার্ড দেয়।
