রাজধানীর মিরপুরের দক্ষিণ মণিপুর এলাকা থেকে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। এ সময় অপহৃত তুলারাম কলেজের সহযোগী অধ্যাপক এএফএম সরোয়ার জাহান (৫২) কে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত বুধবার সন্ধ্যায় মিরপুর ৬০ ফিট এলাকা থেকে অপহৃত হন ওই শিক্ষক।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোরশেদ আলম ওরফে জুয়েল (৩৫), ফাহিজ সাদমান (২০), নাফিজ খান (২০), সাহানা নাজনীন (৩৫) ও সাবিহা নাজনীন (২৮)। তাদের কাছ থেকে মুক্তিপণের ৪০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএফএম সরোয়ার জাহানকে বুধবার সন্ধ্যায় মিরপুর ৬০ ফিট এলাকা থেকে অজ্ঞাতনামা কয়েকজন সিএনজির মাধ্যমে গতিরোধ করে অপহরণ করে। এরপর অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে মারধর এর শব্দ শুনিয়ে তার পরিবারকে ভয় দেখায় এবং ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভুক্তভোগী পরিবার দুটি বিকাশ নম্বরের মাধ্যমে ৪০ হাজার টাকা প্রদান করে। অপহরণকারীরা ভিকটিম এর ক্রেডিট কার্ডের মাধ্যমেও টাকা উত্তোলন করে। একপর্যায়ে ভিকটিম এর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিম এর পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ অভিযান পরিচালনা করে প্রযুক্তির মাধ্যমে অপহৃত ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে।
