মাদারীপুরের শিবচরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সেলিম মাতুব্বর (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সেলিম মাতুব্বর উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। তিনি উমেদপুর ইউনিয়নের লালমিয়া মাতুব্বরের ছেলে।
শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক গৌড়া ডেঙ্গুতে সেলিম মাতুব্বরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তিনি শিবচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়েছি। তিনি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে উপজেলা যুবলীগ গভীর শোক প্রকাশ করেছে।
