ভোলার লালমোহনে গুলজার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. শরীফ (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে লালমোহন পৌর এলাকার মুসলিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌরসভা ৬নং ওয়ার্ড এলাকার মো. কাশেমের ছেলে।
ঘটনার পর পরই নিহত শরীফের সহপাঠী ও লালমোহন পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাস ও এর চালককে আটকের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, শরীফ সকালে প্রাইভেট থেকে ফেরার পথে চরফ্যাশন থেকে ছেড়ে আসা গুলজার পরিবহন নামের একটি বাস পৌর শহরের মুসলিম হোটেলের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শরীফ।
ওসি জানান, শরীফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
