দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে ৩০টি ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি।
গত রবিবার সকাল ১০টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকার বিজিবি পোস্টের সামনে থেকে ভারতীয় ট্রাক থেকে এই ইলিশ মাছগুলো উদ্ধার করা হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রবিবার সকাল থেকেই হিলি স্থলবন্দরে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলো পণ্য খালাস করে হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে পুনরায় ভারতে প্রবেশ করছিল। এসময় বিজিবির কাছে সংবাদ আসে যে ভারতীয় খালি ট্রাকে করে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ পাচার করা হচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে ভারতগামী সব খালি ট্রাকগুলোতে তল্লাশি চালানো হয়। এসময় নি ২৩প ৭২৯২ নামক ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিনের ভেতর থেকে ৩০ পিস ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার ওজন ২০ কেজি। এসময় ভারতীয় ট্রাকটি কাগজ না নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে বিষয়টি বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অবহিত করা হয়েছে।
