মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামে মাদক কারবারের অভিযোগে টোকন শরিফ (২২) নামে এক তরুণের বসতঘরের টিন খুলে নিয়েছে গ্রামের মাতবরের লোকজন। বসতঘরের বেড়া ও টিন খুলে নিয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন।
টোকন শরিফের মা রিবা বেগম অভিযোগ করে বলেন, ‘কানুটিয়া গ্রামের মাতুব্বর নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে আমার জমিটা দখল নিতে ষড়যন্ত্র করছে। নুরুল ইসলামই এলাকার যুবকদের দিয়ে মাদকের কারবার করে আসছে। তার লোকজনদের দিয়ে ঘরের টিন খুলে নিয়ে যাবে কেন?’ টোকন শরিফ মাদকের অভিযোগ অস্বীকার করে বলেন, মাতবর নুরুল ইসলামের সঙ্গে সামাজিক নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। নুরুল ইসলামই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
কানুটিয়া গ্রামের মাতবর নুরুল ইসলাম বলেন, টোকন শরিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদক ব্যবসা থেকে ফিরে না আসায় তাকে উচ্ছেদ করার জন্য তার ঘরের টিন খুলে নিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করেছেন টোকন শরিফ। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
