আমরা শুধু ‘জব সিকার’ তরুণ-তরুণী চাই না বরং ‘জব গিভার’ তরুণ-তরুণী চাই উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘গতবারের স্টুডেন্ট টু স্টার্টআপ প্রতিযোগিতায় ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে ২১০০টি আবেদন পেয়েছিলাম। সেখান থেকে ৩০টি এবং সর্বশেষ ১০টি চূড়ান্ত করে তাদের ১০ লাখ টাকা করে সরাসরি অনুদান দেওয়া হয়েছিল। পাশাপাশি বাকি ২০টি স্টার্টআপকে গ্রুমিংয়ের জন্য নির্বাচিত করা হয়েছিল। যেখান থেকে তারা তরুণ উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবে।’
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন’ এই সেøাগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো শুরু হওয়া ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ শীর্ষক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে মোট জনসংখ্যার ৭০ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে। প্রায় সাড়ে চার কোটি ছাত্রছাত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশুনা করছে। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ-তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তাদের জন্য কর্মসংস্থানের দরকার আছে। কিন্তু শুধু চাকরি দিয়ে বিপুল সংখ্যক তরুণ-তরুণীদের কর্মসংস্থান করা যাবে না। আমরা আইসিটি ডিভিশন থেকে তরুণ-তরুণীদের জন্য সারা জীবনের আহারের সংস্থান তৈরি করতে পারে এমন কর্মসংস্থান তৈরি করতে চাই।’
