আশুলিয়ায় নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) রাম কৃষ্ণ জানান, সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত যুবক মাদকাসক্ত ছিল। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
