শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের সুরেশ^রের সমিতি ঘাট এলাকায় আমানুল্লাহ মালত (৩২) নামে এক ব্যক্তির লাঠির আঘাতে বেলায়েত হোসেন ঢালী (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নড়িয়া থানা পুলিশ জানায়, সুরেশ^র বাজার থেকে আসার পথে সমিতির ঘাট মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন বেলায়েত হোসেন ঢালী। তখন সুরেশ^র গ্রামের আমানুল্লাহ মালত পেছন থেকে লাঠি দিয়ে বেলায়েতের মাথায় আঘাত করে। এতে বেলায়েত মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বেলায়েত ইছাপাসা গ্রামের আমির হোসেন ঢালীর ছেলে। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে নড়িয়া থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ জানিয়েছেন, আমানুল্লাহ মালত মানসিক রোগী হিসেবে পরিচিত। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
