ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রামে এক লন্ডন প্রবাসীর বাড়িতে হামলা লুটপাট চালিয়ে গৃহবধূকে যৌন নির্যাতন করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে রেজুয়ান ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছে। ১৭ জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা হয়েছে।
বাড়ির মালিক রেজওয়ানুল মাহমুদ স্বপন দীর্ঘদিন ধরেই সপরিবারে লন্ডন থাকেন। ওই বাড়িতে তার চাচাতো ভাই নান্টু পরিবার নিয়ে বাস করে আসছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার রাত ৮টার দিকে মেইন গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। বাধা দিলে নান্টু মিয়াকে মেরে জখম করে তার স্ত্রীকে যৌন নির্যাতন করে দোতলা ভবন থেকে ফেলে দেয়। পরে মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের শয্যায় নান্টু বলেন, ‘আমি বাড়িতে থাকা অবস্থায় বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। এ সময় নগদ ১১ লক্ষ টাকা লুটপাট করেছে। বাধা দিলে আমি ও আমার স্ত্রী হামলার শিকার হই।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রসুল আহমেদ নিজামী বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে আর বাড়িটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। মামলা এফআইআর করা হয়েছে। আমরা দুর্বৃত্তদের আটক করার চেষ্টায় আছি।
