ভাগলপুর এলাকার বংশী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে বিনত রাজবংশীর (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, বিষপানে তিনি আত্মহত্যা করেছেন।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, গত রবিবার দুপুরে সাভারের পানপাড়া এলাকার প্রফুল্ল রাজবংশীর ছেলে বিনত মাছ ধরতে গিয়ে বংশী নদীতে ডুবে যান। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বংশী নদী থেকে বিনতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে আশুলিয়া থানার এসআই রামকৃষ্ণ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে সোমবার সকালে পলাশবাড়ি এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মুখ দিয়ে ফেনা বের হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তিনি বিষপানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
