একটি মোবাইল ওয়ালেট থেকে আরেকটি মোবাইল ওয়ালেটে আর্থিক লেনদেন বাস্তবায়নে আসছে ‘ইন্টার অপারেবল পেমেন্ট সল্যুশন’।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ড্রাইভিং ডিজিটাল ফাইন্যান্স ইনোভেশন ফর মিটিং এন্টারপ্রাইজ নিডস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, নাগরিকদের শতভাগ ডিজিটাল করতে হলে চাই তিনটি জিনিস। নাগরিকদের যাচাইকৃত পরিচয় তথ্য, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ও একটি প্ল্যাটফর্মের সঙ্গে আরেকটির অপারেবেলিটি। এগুলোর প্রথম দুইটি আমাদের আছে। এখন কাজ করছি তৃতীয়টি নিয়ে। ৮-৯ মাস সময় লাগতে পারে। অর্থাৎ এক বছরের মধ্যে ইন্টার অপারেবল পেমেন্ট সুবিধা আনতে যাচ্ছি আমরা। এতে বিকাশ থেকে সিওর ক্যাশ, নগদ থেকে আইপে বা এ ধরনের একটি প্ল্যাটফর্ম থেকে আরেকটি প্ল্যাটফর্মে লেনদেন করা যাবে।
পলক বলেন, ডিজিটাল সমাধানে গ্রামীণ সমাজের শেষ ধাপে ডিজিটাল পেমেন্ট পৌঁছে দিতে হবে, যা এ ধরনের উদ্যোগ থেকে সফল হবে।
পলক আরও বলেন, আউটসোর্সিং এবং ডিজিটাল পণ্য ও সেবা থেকে ১০ বছর আগে আমাদের বৈদেশিক আয় ছিল মাত্র ২৬ মিলিয়ন ডলার। এ আয় এখন বেড়ে দাঁড়িয়েছে ১ বিলিয়ন ডলারে। আমাদের লক্ষ্য আগামী চার বছরের মধ্যে এটিকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা। পাশাপশি দেশি স্টার্টআপগুলোকে সাহায্য করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই খাতে বিদেশি বিনিয়োগ এবং সাহায্য আমাদের জন্য খুবই সহায়ক।
