ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

বিপাকে মেডিকেল চুয়েট বুয়েটে ভর্তিচ্ছুরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৮ এএম

আগামী ৪ ও ৫ অক্টোবর মেডিকেল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু দুর্গাপূজার কারণে সেই তারিখ পরিবর্তন করে ১১ ও ১৪ অক্টোবর করা হয়। এতে খুশি হতে পারেননি ভর্তিচ্ছু হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আগের তারিখই উত্তম ছিল। কারণ ওই তারিখে হলে পূজার আগেই পরীক্ষা শেষ হতো। কিন্তু নতুন তারিখ অনুযায়ী পূজা শেষ হওয়ার দুদিন পরই পরীক্ষা। এতে পূজায় আনন্দ না করে পড়াশোনা করতে হবে। শুধু তা-ই নয়, টানা তিন দিন (১১ অক্টোবর মেডিকেল, ১২ অক্টোবর চুয়েট ও ১৪ অক্টোবর বুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, ৪ অক্টোবর মেডিকেলে ও ৫ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু পরপর দেশের বড় দুটি শিক্ষা স্তরে ভর্তি পরীক্ষা, একই সঙ্গে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা ৫ অক্টোবর থেকে শুরু হওয়ায় দাবি ওঠে তারিখ পরিবর্তনের। পরে নতুন এই তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু নতুন এই তারিখে আরও বেশি জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

কয়েকজন হিন্দুধর্মাবলম্বী ভর্তিচ্ছু বলেন, ‘পূজা শুরু হবে মূলত ৫ অক্টোবর থেকে এবং চলবে ৮ অক্টোবর পর্যন্ত। অথচ মেডিকেলের ভর্তি পরীক্ষা ১১ অক্টোবর। এর পরদিন ১২ অক্টোবর চুয়েট ও ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা। ৮ তারিখ পূজা শেষ হলে এর দুদিনের মাথায় টানা তিনটি পরীক্ষার দুশ্চিন্তায় আমরা না পারব ভালোমতো পরীক্ষার প্রস্তুতি নিতে, না পারব পূজায় আনন্দ করতে। এর চেয়ে ৪ অক্টোবর পরীক্ষা দিতে পারলেই মনের আনন্দে পূজায় অংশ নিতে পারতাম।’ অজয় কুমার নামে এক শিক্ষার্থী বলেন, ‘বিজয়া দশমীর দুদিন পরই যেখানে ভর্তি পরীক্ষার তারিখ ঝুলছে, সেই পরিস্থিতিতে আমাদের পুজোর আনন্দ কতটুকুইবা স্পর্শ করবে? কেননা এ সময় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করতে হয়; হইহুল্লোড়, গান-বাজনা অনবরত চলতে থাকে। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী আসা-যাওয়া করতে থাকে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় চান্স পাওয়া এমনিতেই অনেক কঠিন ব্যাপার। এ ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হলে বিষয়টি আরও জটিল হয়ে যাবে।’

শ্রী নিতাই চন্দ্র নামে এক অভিভাবক দেশ রূপান্তরকে বলেন, একজন শিক্ষার্থীকে ১১ তারিখে ঢাকায় মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শেষ করেই ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য চুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামের উদ্দেশে ছুটতে হবে। আবার চট্টগ্রাম থেকে ঢাকা এসে ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এমন পরিস্থিতিতে ওই শিক্ষার্থীর মানসিক ও শারীরিক অবস্থা কী দাঁড়াবে? তাই আবারও পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান তিনি।

ভর্তিচ্ছুদের এমন সমস্যার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘৪ অক্টোবর পরীক্ষার তারিখ ছিল। হিন্দুধর্মাবলম্বীদের একাধিক সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে তারিখ পরিবর্তন করা হয়। আবার তারিখ পরিবর্তন সম্ভব নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত