স্বামী খালাস পাওয়ায় আদালত চত্বরেই আত্মহত্যার চেষ্টা স্ত্রীর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৪ পিএম

মামলার রায় পক্ষে না আসায় চট্টগ্রাম আদালত ভবনে সেলিনা আক্তার (২৬) নামে এক নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।

মঙ্গলবার বিকেলে আদালত ভবনের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

সেলিনা আক্তার তার স্বামী জাশেদের বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মামলাটি করেছিলেন। ওই মামলায় জাশেদকে খালাস দেওয়া হয়।  

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী মঙ্গলবার এ মামলার ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী যীশু কান্তি দাশ জানান, বিকেলে ওই মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে আসামিকে খালাস দেওয়া হয়। বিকেল ৫ টার দিকে আদালত কক্ষের বাইরে বাথরুমের কাছে গিয়ে ওই নারী বিষপানের চেষ্টা করেন বলে জানতে পারি ।

আদালত সূত্রে জানা যায়, মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় দেওয়া  হয়। রায় ঘোষণার পর সেলিনা আক্তার কান্নাকাটি করে আদালত কক্ষ থেকে বের হয়ে যান। পরে বাথরুমের কাছে গিয়ে ব্যাগের ভেতর থাকা বোতল থেকে বিষ পানের চেষ্টা করেন। এসময় নারী আইনজীবী ও পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। পরে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

কোতোয়ালি থানার ওসি মো. মহসীন বলেন, ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে তাকে উদ্ধারের পর চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত