বাগেরহাট শহরের ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর সোহেল শেখের (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার দুপুরে ভৈরব নদের প্রায় এক কিলোমিটার দূরে কেবি মাছ বাজার এলাকা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
গত সোমবার দুপুরে ভৈরব নদের পুরাতন বাজারের পৌরঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন সোহেল শেখ। তিনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামের শেখ আবদুল মজিদের ছেলে। তিনি পুরাতন বাজার এলাকায় তার চাচা শেখ আবদুল মান্নানের বাড়িতে থাকতেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, নিখোঁজ সোহেল শেখের মরদেহ উদ্ধারে সোমবার থেকে ডুবুরি দল কাজ শুরু করে। রাতে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। মঙ্গলবার আবারও আমাদের ডুবুরি দল নিখোঁজ সোহেলকে উদ্ধার করতে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে কেবি মাছ বাজার এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
