মনুষ্য আকৃতির রোবট বানালেন ২ শিক্ষার্থী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪২ এএম

মনুষ্য আকৃতির (হিউম্যানয়েড) রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার বেসরকারি ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী আশরাফুর রহমান মিনহাজ ও মাহমুদা আফরীন।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তাদের তৈরি ‘মিয়া-১’ রোবটটি প্রদর্শন করা হয়। মিনহাজ বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। আর আফরীন বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।

রোবটটির বর্ণনায় দুই শিক্ষার্থী জানান, তাদের তৈরি রোবটটি মানুষের মতো দাঁড়িয়ে থাকতে পারে। পরিচালনার জন্য আলাদা স্মার্টফোনের কমান্ড দরকার হয় না। বুকে থাকা ৭ ইঞ্চি টাচ এলসিডি মনিটরে ব্যবহারকারী কমান্ড দিয়ে তথ্য নিতে পারবেন। রোবটটি ব্যবহারকারীর কথা শুনে উত্তর ও সংশ্লিষ্ট ছবি দেখাতে পারে। এটি ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে তা ব্যবহারকারীকে সরবরাহও করতে পারবে।

তারা দাবি করেন, ‘মিয়া-১ বাংলাদেশের প্রথম ওপেনসোর্স হিউম্যানয়েড রোবট। ইউনিক ডিজাইনের রোবটটি তারা মাত্র ৪০ হাজার টাকা ব্যয়ে আড়াই মাসে তৈরি করেছেন। এ কাজে সহায়তা করেছেন বিভাগের প্রভাষক মাসুম বকাউল।’

রোবট তৈরি টিম লিডার মিনহাজ বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ও শিক্ষার্থী রোবটকে সায়েন্স ফিকশন মনে করেন। আসলে রোবট বানানো কঠিন কিছু না। আমরা এটিকে ওপেনসোর্স করে দেব। এর প্রোগ্রাম, ডিজাইন, পার্টস লিস্ট, জেনারেল পাবলিক লাইসেন্স সবার জন্য উন্মুক্ত থাকবে। ভবিষ্যতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিয়া-২ রোবট বানানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তোফায়েল আহাম্মেদ, প্রভাষক মাসুম বকাউল, তারিকুল ইসলাম, কর্নেল সালাউদ্দিন মুরাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত