‘পাওনা আদায়ে’ মোদির কাছে যাচ্ছেন মমতা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৬ এএম

চরম রাজনৈতিক উত্তেজনার ভেতর বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় আড়াই বছর পর দেখা হবে দুজনের।

দিল্লি রওনা হওয়ার আগে মমতা বলেন ‘দীর্ঘদিন দিল্লি যাইনি। এবার যাচ্ছি রাজ্যের ব্যাপারে, কিছু টাকা পাওনা আছে।’

‘তা ছাড়া পিএসইউ ব্যাংক থেকে শুরু করে এয়ার ইন্ডিয়া, রেল, বিএসএনএল- অনেক সমস্যা আছে। সুযোগ পেলে ওদের কথা বলতে পারব। রাজ্যের নাম বদলের ব্যাপারটাও আছে।’

বুধবারের এই বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভারতীয় গণমাধ্যম। সারদা-কাণ্ডে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে নাগালে পেতে সিবিআই তৎপরতা তুঙ্গে। মমতা দিল্লি পৌঁছানোর পরে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও কথা বলতে চাননি।

ওদিকে কাশ্মীর ইস্যু এবং এনআরসি নিয়ে দুজনের তর্ক চলছে।

বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী মানেন না। শেষ পর্যন্ত তার সঙ্গেই তাকে বৈঠক করতে যেতে হচ্ছে। এটাই আমাদের জয়। কিন্তু রাজীব কুমার-কাণ্ডের মধ্যে তার দিল্লি যাওয়া নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত