কাহালুতে নিখোঁজ এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৫ এএম

নিখোঁজের দুদিন পর বগুড়ার কাহালুতে এক তালাবদ্ধ বাড়ি থেকে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের দামাই গ্রাম থেকে শাহরিয়ার হোসেন (৪৫) নামের ওই কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। উদ্দীপন নামের এক এনজিওর ঋণ কর্মকর্তা শাহরিয়ার ঝিনাইদহের শৈলগোপাল এলাকার মনির হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৭ সেপ্টেম্বর শাহারিয়ার মোটরসাইকেল নিয়ে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামে ঋণ আদায় করতে যান। দুপুরে সেখান থেকে অফিসে ফেরার পথে মোটরসাইকেলসহ তিনি নিখোঁজ হন। দুপুর ২টার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় এনজিও উদ্দীপনের কাহালু শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম কাহালু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, দামাই গ্রামের মিলু হাজীর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বৃহস্পতিবার সন্ধ্যার পর বিষয়টি পুলিশকে অবগত করে। পুলিশ গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে বস্তাবন্দি অবস্থায় ওই এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার করে।  

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। যে বাড়ি থেকে লাশ উদ্ধার হয়েছে সেখানে দুজন ভাড়াটিয়া ছিল, তাদের পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত