দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৮ এএম

বিএনপি আমলে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। তার আমলে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি নিজেও কালো টাকা সাদা করেছেন। তার অর্থমন্ত্রী সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছেন। হাওয়া ভবন নির্মাণ করে যেকোনো ধরনের কাজে ১০ শতাংশ কমিশন বাণিজ্য করেছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘যেখানেই দুর্নীতি ও অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতিতে সংশ্লিষ্টরা কোন দলের সঙ্গে সংযুক্ত তা দেখা হচ্ছে না।’

যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যে অভিযোগ করেছেন সে প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, শুধু যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না, যুবলীগের নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হচ্ছে। আজকে আপনারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, আগে আয়নায় নিজের চেহারাটা দেখুন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আপনাদের মানায় না। বাংলাদেশের উন্নয়নচিত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান বাংলাদেশের জিডিপির গ্রোথ বিশ্বের সবচেয়ে বেশি। যেকোনো সূচকে বাংলাদেশ এখন পাকিস্তানকে পেছনে ফেলেছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে রয়েছে। এমন অভাবনীয় উন্নয়নে সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে। অর্থনীতিবিদরা বাংলাদেশের উন্নয়নকে অবাক চোখে দেখছেন। কিন্তু বাংলাদেশের উন্নয়ন শুধু বিএনপি এবং তার নেতাদের চোখে পড়ে না।

অধ্যাপক ড. আব্দুল মান্নান রচিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী’ এবং নুর উন নাহার মেরি রচিত ‘আমার চেতনায় বিশ্বনেতা বঙ্গবন্ধু’ বইয়ের এই মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবের আয়োজন করে অমর প্রকাশনী। এতে আলোচনা করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মান্নান চৌধুরী, জাগো নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর উন নাহার মেরি, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত