স্মার্টফোন ছাড়া ‘নিঃসঙ্গ’ এক পৃথিবী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮ এএম

বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্ব বলতে গেলে স্মার্টফোনকেন্দ্রিক। ইন্টারনেটের সহজলভ্যের কারণে স্মার্টফোন ছাড়া চলেই না মানুষের এখন। প্রতি মুহূর্তে মানুষের যাবতীয় মনোযোগ এখন স্মার্টফোনকে ঘিরেই। এই স্ক্রিন মানুষকে কীভাবে দখল করে আছে, সেটি উঠে এসেছে মার্কিন এক ফটোগ্রাফারের চিত্রে।

যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার এরিক পিকার্সগিল ‘রিমুভড’ নামে একটি ফটো সিরিজ প্রকাশ করেন। স্মার্টফোনকেন্দ্রিক মানুষের নিত্য জীবনযাপন উঠে আসে এই সিরিজটিতে।

বন্ধু, প্রেমিক, স্বামী, সন্তানদের সঙ্গে কীভাবে কাটছে স্মার্টফোনকেন্দ্রিক মানুষের সময়। স্মার্টফোন ছাড়াই সেটি দেখা হয়েছে এরিকের এই সিরিজে।

বিছানায় বিপরীতমুখী হয়ে শোয়া যুগল কিংবা সোফায় জড় হয়ে বসে থাকা, খাবারের টেবিলে একসঙ্গে বসেও বিচ্ছিন্ন পরিবার, সন্তান-বাব-মায়ের মধ্যে অদৃশ্য দেয়াল, বন্ধুদের আড্ডায়- শিশুদের খেলায় সবকিছুতেই স্ক্রিনের কী ধরনের প্রভাব ফেলেছে, সেটি ধরা পড়ে একাধিক ফটোগ্রাফি চিত্রে।

মানুষে মানুষে সম্পর্ক ও আন্তঃসম্পর্কে কী ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে স্ক্রিন, সেটির কঠিন বাস্তবিক রূপ উঠে এসেছে রিমুভড সিরিজে।

এ ছাড়া আমাদের চারপাশে কত সুন্দর সুন্দর সব মুহূর্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে কিংবা কত দুর্দান্ত মুহূর্তকে ঘিরে মানুষের বসবাস, স্মার্টফোনের কারণে সেটি কীভাবে হারিয়ে যেতে বসেছে, তা মূর্ত হয়ে উঠে এরিকের ছবিগুলোতে।

স্মার্টফোন হাতে না থাকায় মানুষের জীবন এক নিঃসঙ্গতার সমুদ্র। আশপাশে প্রিয় মানুষের ঘনিষ্ঠতা থাকতেও সবাই যে বিচ্ছিন্ন এক মানুষ। কারও সঙ্গে কারও কোনো সম্পর্ক নেই যেন, কেউ কাউকে চিনে না। তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনে মানবিকতারও যে ভয়াবহ এক পরিণতি ঘটছে, তা স্পষ্ট হয়ে উঠে এরিকের এই কাজে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত