বরগুনায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪০ এএম

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের সোবাহান খান (৩৫) ও ইউসুফ খান (৩০) নামে দুই ভাই বজ্রপাতে মারা গেছে। গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের প্রয়াত ইউনুস আলী খানের দুই ছেলে সোবাহান ও ইউসুফ সকালে বাজার করতে মোটরসাইকেলে করে খেকুয়ানী বাজারে আসে। বাজার শেষে দুপুরে বাড়ি ফিরছিল তারা। পথে বৃষ্টি শুরু হলে ডালাচারা গ্রামের একটি গাছের নিচে অবস্থান নেয় দুই ভাই। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বৃষ্টি শেষে স্থানীয় লোকজন এসে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

মারা যাওয়া ওই দুজনের বড় ভাই হারুন খান বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। কীভাবে আমার দুই ভাইয়ের পরিবার চলবে। আমার আর কিছুই রইল না।’

গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকা স্তব্ধ হয়ে গেছে। পরিবার দুটি পথে বসে গেছে।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মনিরা পারভীন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। ওই দুই ভাইয়ের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত