জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘সময় আর বেশিদিন নেই। আগামী দুই-তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। না হলে জনগণ রাস্তায় নেমে এলে পালানোর সুযোগ পাবেন না।’
গতকাল শুক্রবার বিকেলে কারওয়ান বাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, দেশে কে বা কারা ক্যাসিনো চালায় এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়, সরকারও জানে। একটি মুসলিম এবং সভ্য দেশে এটা কীভাবে সম্ভব?
অলি আহমদ বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ক্লাস হয় না। অযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিয়েছে সরকার। আর এ কারণে পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিমঞ্চের নেতা ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন রাজ্জাক প্রমুখ।
