আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তারপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসন জানিয়েছে, সোমবার ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট। একদিন বাদে দেখা হবে মোদির সঙ্গে।
রবিবার রাতে নিউইয়র্কে পৌঁছবেন ট্রাম্প। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে সাক্ষাৎ করতে সেদিনই রওনা হবেন তিনি। সোমবার জাতিসংঘের সাধারণ সভায় ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়ে বক্তৃতা দেবেন ট্রাম্প।
ইমরান খান ছাড়া পোল্যান্ডের প্রেসিডেন্ট, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন ট্রাম্প।
নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, সামরিক চুক্তিসহ নানা বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরবর্তী পর্যায়ে জাতিসংঘের এই সভা ফের কাশ্মীর ইস্যুতে তপ্ত হয়ে উঠতে পারে বলেই মনে করছেন কূটনীতিবিদরা।
