মিসরের রাজধানী কায়রোর রাস্তায় কয়েক হাজার মানুষ প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনের জন্য অনলাইনে বিক্ষোভের আহ্বান জানানো হয় বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। কায়রো ছাড়াও বন্দর নগরী আলেকজান্দ্রিয়া ও সুয়েজে বিক্ষোভ হয়। এ ছাড়া দামিয়েত্তা, দামানহৌর ও মাহাল্লা শহরেও আন্দোলনকারীরা প্রতিবাদ করেন।
গত শুক্রবারের এই বিক্ষোভ দমনে কোথাও কোথাও পুলিশকে কাঁদানে গ্যাসও ব্যবহার করতে হয়েছে। ২০১৪ সালে সিসির ক্ষমতাগ্রহণের পর সরকারবিরোধী এ ধরনের প্রথম প্রতিবাদ কর্মসূচিতে আন্দোলনকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছেন। শুক্রবার কয়েক হাজার বিক্ষোভকারী তাহরির স্কয়ারে জড়ো হন। ২০১১ সালের গণ-অভ্যুত্থানে এই চত্বরের ভূমিকা ছিল অনস্বীকার্য। স্পেনে স্বেচ্ছানির্বাসনে থাকা মিসরীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার সপ্তাহ দুয়েক পর এ বিক্ষোভ হলো।
