মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শকুনী লেক। প্রায় সোয়া এক কিলোমিটারের শকুনী লেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। শুক্রবার সকালে শুরু হওয়া এই প্রতিযোগিতা শনিবার সন্ধ্যায় শেষ হবে। এতে অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আসা শৌখিন মৎস্য শিকারিরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিবছরই এক বা একাধিকবার মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করেন মাদারীপুর জেলা প্রশাসন। চার হাজার টাকার টিকিট মূল্যে অংশগ্রহণকারী প্রত্যেকে ছয়টি বড়শি দিয়ে মাছ ধরার এই প্রতিযোগিতায় অংশ নেয়। রাজবাড়ী, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুরসহ বিভিন্ন জেলার শতাধিক মৎস্য শিকারি এতে অংশ নেন।
শৌখিন মৎস্য শিকারি মোশারফ হোসেন ঢালী বলেন, ছোটবেলা থেকেই বড়শি দিয়ে মাছ ধরতে খুব মজা লাগে। মাছ ধরা আমার কোনো পেশা নয়, এটি শুধু শখ। বড়শিতে মাছ ধরা পড়লে খুব আনন্দ লাগে। এ জন্যই এই লেকে মাছ ধরতে এসেছি।
মাছ ধরা প্রতিযোগীদের সমন্বয়কারী ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মুন্সি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা বছরে দুই-তিনবার শকুনী লেকে মাছ ধরা প্রতিযোগিতার আয়োজন করি। টিকিট বিক্রি করে যে টাকা আয় হয় তা দিয়ে নতুন করে আবার মাছের পোনা ছাড়া হয়, মাছের জন্য খাবার ছিটানো হয়। এ ছাড়া দর্শনার্থীদের মধ্যে ভালো লাগার একটি দৃশ্য ফুটিয়ে তুলতে আমরা মাছ ধরা প্রতিযোগিতার আয়োজন করি।
মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, সময় স্বল্পতার কারণে মাচা তৈরি করে দিতে পারিনি, তবে আগামীতে মাচা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর টিকিটও তেমন বিক্রি হয়নি। তবে যে টাকা আসবে টিকিট বিক্রি করে তা দিয়ে আবার মাছ ছাড়ব। তিনি আরও বলেন, বড় মাছ পেয়ে খুশি মাছ শিকারিরা। অনেকে ৪-৫ কেজি ওজনের মাছ পেয়েছেন।
