অনুস্বর নাট্যদল মঞ্চে এনেছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ড. মোহাম্মদ বারী। নির্দেশক জানান, ‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। দুটি প্রধান চরিত্র কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। এই নাটকে অভিনয় করছেন ড. মোহাম্মদ বারী, মাজিদুল মিঠু, মাহফুজ সুমন, সরকার জামান, এস আর সম্পদ, মোহাম্মদ রাকিব, আকিব বাবু, রুবেল অরভিল, ফরিদা লিমা, শাহনাজ জাহান প্রমুখ। মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সহযোগী আরিফ সাকিল। আলোক পরিকল্পনায় অমøান বিশ্বাস। আবহ সংগীতে আবির সায়েম। কোরিওগ্রাফিতে অনিকেত পাল বাবু। দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনায় মাজিদুল মিঠু, মঞ্চ ব্যবস্থাপনায় সরকার জামান ও মোহাম্মদ রাকিব। নাট্যনির্দেশক ও অনুস্বরের দলপ্রধান মোহাম্মদ বারী দেশ রূপান্তরকে বলেন, ‘অনুস্বর নিয়ে আমাদের স্বপ্নযাত্রার শুরু হয়েছে গত জুলাই মাসে। অনুদ্ধারণীয় আমাদের নাট্যদলের প্রথম প্রযোজনা। এ নাটকটি এখন থেকে নিয়মিত মঞ্চস্থ হবে।’
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে সূচিকর্ম প্রদর্শনী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে সূচিশিল্প প্রদর্শনী। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের ছবি প্রদর্শিত হচ্ছে। এসব ছবি সূচিকর্মের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের ছবিও স্থান পেয়েছে। ১০ দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। গতকাল শনিবার ‘হাসুমণির পাঠশালা’ আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। সভাপতিত্ব করেন হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি।
