সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এই উৎসব ঘিরে প্রতিমা তৈরির কাজে রাত-দিন ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কারিগররা। আগামী ৪ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে চলছে বিভিন্ন আয়োজন।
এবার দিনাজপুর জেলায় ১ হাজার ২৮৮টি ম-পে পালিত হবে হিন্দু সম্প্রদায়ের এই দুর্গোৎসব। জেলায় গতবারের চেয়ে এবার ১৮টি ম-পের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও খড় দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন আবার কোথাও শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় কৃত্রিম জীবন পাচ্ছেন দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও শিব মূর্তি। কোনো কোনো মূর্তিতে পরানো হয়েছে শাড়ি, হাতের বালাসহ অন্যান্য গয়না।
যারা এই প্রতিমা তৈরি করেন তাদের বলা হয় মালাকর। দিনাজপুরের খানসামা উপজেলার জয়গঞ্জ বাজার এলাকায় প্রতিমা তৈরির কাজ করছেন মালাকর শ্রী যোগেশ চন্দ্র রায় ও তার ছোট ভাই হারান চন্দ্র রায়। প্রতিমা তৈরির ব্যস্ততা জানিয়ে যোগেশ চন্দ্র রায় বলেন, ‘দুর্গাপূজা এলে আমাদের ব্যস্ততা বেড়ে যায়। টানা ২০ থেকে ৪০ দিন লাগে একটা প্রতিমা তৈরি করতে। বর্তমানে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন ফিনিশিং দেওয়ার পালা।’
অন্যদিকে, দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার বিভিন্ন মন্দিরে জোরেশোরেই চলছে প্রতিমা তৈরি শেষে শুকানোর কাজ। সেই সঙ্গে কারিগররা প্রস্তুতি নিচ্ছেন রঙের কাজের জন্য।
