নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার। আর মহাসিচব নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
গত শুক্রবার বিকেল সোয়া ৩টা থেকে রাত ৭টা ১০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনে এ নির্বাচনের ভোটগ্রহণ হয়। পরে রাত ১০টা ২০ মিনিটের দিকে ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহম্মেদ খান ফলাফল ঘোষণা করেন।
বিভিন্ন পদে আগ্রহী ১০৪ জন মনোনয়নপত্র জমা দেন। সাতজন প্রত্যাহার করে নেওয়ায় শেষ পর্যন্ত ১৫টি পদে ৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চারটি পদে একক প্রার্থী থাকায় ভোট হয়নি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পাশাপাশি ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। মোট ভোটার ছিল ৫৬২ জন।
