বাগেরহাট কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫ এএম

বাগেরহাট জেলা কারাগারে আলাল শেখ (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়। রবিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে আলালের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন।

আলাল শেখ জেলার রামপাল উপজেলার সোনাকুড়া উত্তরপাড়া গ্রামের আফাজ উদ্দীন শেখের ছেলে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর সকালে এই প্রতিবেদককে বলেন, শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে কারাগারে থাকা মাদক মামলার আসামি আলাল শেখের হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়। এ সময় আমরা তাকে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৫০ মিনিটে আলালের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আলাল শেখ গত ১৬ জুন থেকে বাগেরহাট জেলা কারাগারে আটক ছিলেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরান মোহম্মদ বলেন, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত