নারায়ণগঞ্জের বন্দরে মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় পুলিশ পাল্টা গুলিবর্ষণ করলে এক পথচারী গুলিবিদ্ধ হন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালু ওই এলাকার ওসমান গণির মেয়ের জামাই।
ঘটনাস্থল থেকে জানা যায়, সালাউদ্দিন সালুকে গ্রেপ্তার করে আনার সময় তার সহযোগী ও বাড়ির লোকজন পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গুলিতে ওই এলাকার একজন আহত হয়। আহত ব্যক্তি এলাকার ওবায়দুল্লার ছেলে পোশাক শ্রমিক নাদিম (২৮)।
এদিকে, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তারকৃত সালাউদ্দিনকে ছিনিয়ে নিতে পারেনি। তবে, আহত হওয়ার বিষয়টি এখনও জানতে পারিনি।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, আজহারুল বন্দর থানা পুলিশের তালিকাভুক্ত ৭নং সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।
ডিবির এসআই মিজানুর রহমান জানান, সালাউদ্দিনকে ধরতে বাগবাড়িতে অভিযান চালানো হয়। তখন তার সহযোগীরা ডিবির উপর হামলা করে। ডিবির একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তখন সহযোগীরা পিছু হটলে তাকে গ্রেপ্তার করা হয়।
