হবিগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৭ পিএম

হবিগঞ্জের মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের হাজী ফজলুল হকের ছেলে আবদাল মিয়ার (৪৫) সাথে তার ছোট ভাই কামাল মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। রোববার  দুপুরে এবদাল মিয়া চৌমুহনী বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়িতে যাবার সময় ছোট ভাই কামাল মিয়া ও তার  লোকজন তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় আবদাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারহানা মাইমুন তাকে মৃত ঘোষণা করেন।

আবদাল মিয়ার স্ত্রী হারুনা বেগম হাসপাতালে কান্না জড়িত কণ্ঠে  জানান, কামাল মিয়ার সাথে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল।

তিনি বলেন, আমাদের ২ মেয়ে। এক মেয়ে প্রতিবন্ধী। তাই মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার স্বামী মেয়েদের নামে সম্পত্তি লিখে দেন। তাই কামাল মিয়া ক্ষিপ্ত হয়। সে আমাদের সম্পত্তি নিয়ে যেতে চেয়েছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আপন মিয়া জানান, তাদের ভাইয়ে ভাইয়ে জায়গা জমি সংক্রান্ত বিরোধ ছিল। তাদের সীমানা ঠিক করে দিয়ে ভাইয়ে ভাইয়ে মিলিয়ে দিয়েছিলাম। এখন কি কারণে এ ঘটনা হলো জানি না।

মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত