এগারো বছর আগে হারিয়েছেন বড় ছেলে আশরাফুজ্জামান অনিকে। এবার ছোট ছেলে আশফাকুজ্জামান দীপ্তকেও হারালেন দিনাজপুরের কালিতলার আহাদুজ্জামান দিপু ও নাজমা জামান দম্পতি।
দীপ্তর বড় ভাই অনি (২২) ছিলেন বাংলাদেশ ডেন্টাল কলেজের মেধাবী ছাত্র। ডেন্টাল কলেজে পড়ার ইচ্ছায় যে ছেলেটা ছোট থেকে বড় হয়েছে সেই অনি দাঁতের ক্যানসারে মারা গেছেন ২০০৮ সালের ১০ অক্টোবর। এবার মা-বাবার কোল খালি করে চলে গেলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী আশফাকুজ্জামান দীপ্ত!
গত শনিবার পাঁচ বন্ধু মিলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে মারা যান দীপ্ত (২২), রাফিত রাহাত (২৩) এবং তাদের সহপাঠী দিনাজপুর সরকারি মহিলা কলেজের ফারিহা মৌমি (২২)। এ সময় আহত হন দুজন।
দীপ্তর বাবা দিপু ব্যবসায়ী এবং মা নাজমা গৃহিণী। দুই ভাই এক বোনের মধ্যে দীপ্ত ছিলেন সবার আদরের। বড় ছেলের শোক কাটিয়ে উঠতে না উঠতেই দীপ্তর এভাবে চলে যাওয়ায় মা-বাবার অবস্থা এখন করুণ। কথা বলতে পারছেন না! শহরের কালিতলার ক্রিসেন্ট কিন্ডারগার্ডেনের পেছনে তিন রাস্তার মোড়ে দীপ্তদের বাড়ি গিয়ে দেখা গেছে নিরিবিলি পরিবেশে ফুলবাগান দিয়ে সাজানো গাছগুলোও যেন নেতিয়ে পড়েছে। আশুড়ার বিল থেকে ফিরে আসার কিছুক্ষণ আগেও মাকে ফোন করে দীপ্ত বলেছিলেন, ‘মা আমাদের ঘোরা শেষ। আমরা খুব দ্রুত চলে আসতেছি।’ কিন্তু আর ফেরা হয়নি তার।
