সাদা পোশাকে এক সাংবাদিককে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেটের ৫৬ সাংবাদিক। গতকাল রবিবার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় তারা এ জিডি করেন। ওই সাংবাদিকরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সিলেট অফিসে কর্মরত ও সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সদস্য।
জিডিতে সাংবাদিকরা বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাতে ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে একদল লোক তুলে নিয়ে যায়। দুই ঘণ্টা পর তাকে গ্রেপ্তারের কথা জানায় সিলেটের কানাইঘাট থানা পুলিশ। এভাবে পরিচয় গোপন করে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে জিডি করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। পরদিন জামিনে মুক্তি পান সাংবাদিক বুলবুল। এ বিষয়ে ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনানুগ পদক্ষেপ নেওয়াটা স্বাভাবিক। কিন্তু একজন সিনিয়র সাংবাদিককে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে তাতে আমরা শঙ্কিত। এজন্য জিডি করেছি।’ কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, সাংবাদিকদের সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
