বিদ্যালয় কক্ষ দখল করে জুয়ার অভিযোগে যুবলীগ নেতা আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৯ পিএম

বিদ্যালয়ের কক্ষ দখল করে জুয়ার আসর বসানোয় যুবলীগ নেতাসহ আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 

বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে রবিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। 

খবর বলে ইউএনবি।

আটকরা হলেন যুবলীগ নেতা সোয়েব আহমেদ সেজান, আরিফ সরদার, ইকবাল, মো. শামীম, সাদেক সরদার, এনাম মাহমুদ রাকিব, জিয়াউদ্দিন তিতাস, বিপ্লব ও সুমন খান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, নুরিয়া স্কুলের দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিল স্থানীয় একদল যুবক। প্রতিদিনের মতো রবিবার রাতেও তারা জুয়ার আসর বসালে সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। 

তবে আটকদের কাছ থেকে জুয়ার টাকা বা অন্য কিছু পাওয়া যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, মাদকের পাশাপাশি জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এর অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত